সোনারগাঁয়ে শীতলক্ষ্যাতীরের ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শীতলক্ষ্যা নদীতীরের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার উচ্ছেদ করা হয়েছে নদী দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনা।জানা গেছে, সকাল ১০টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথম শ্রেণীর তিনজন ম্যাজিস্ট্রেট আবদুল হাই, আবুল কাশেম ও সামছুজ্জোহা অভিযানে নেতৃত্ব দেন। প্রথমেই ভাঙা শুরু হয় হক কোল্ড স্টোরেজ নামের একটি প্রতিষ্ঠানের একতলা ভবন। বিআইডব্লিউটিএর উচ্ছেদকারী জাহাজ ‘অগ্রবাহক’ ও ‘অগ্রযাত্রা’ ক্রেন দিয়ে ভবনটি ভাঙতে শুরু করে। বিআইডব্লিউটিএর নিয়োগ করা দুই শতাধিক শ্রমিক হাতুড়ি নিয়ে ভাঙার কাজে যোগ দেন। নদীর ভেতর প্রায় ৩০ থেকে ৪০ ফুট জায়গা দখল করে ভবনটি গড়ে তোলা হয়েছিল হক কোল্ড স্টোরেজ। এভাবে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযানে একে একে ভেঙে ফেলা হয় ১০টি অবৈধ স্থাপনা। এর মধ্যে দুটি একতলা ভবন, দুটি পাকা ঘাট, একটি সেমি-পাকা ঘর, একটি জেটি ও চারটি দেয়াল। এ ছাড়া অবৈধ স্থাপনার তালিকায় ছিল একটি মসজিদ। মসজিদটি সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ মোতায়েন ছিল।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জরিপ চালিয়ে শীতলক্ষ্যা, বালু ও বুড়িগঙ্গা নদীতে ৩২০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৯৪টি শীতলক্ষ্যায় এবং ২৬টি বুড়িগঙ্গা নদীতে। পর্যায়ক্রমে এগুলো উচ্ছেদ করা হবে।বিআইডব্লিউটিএর (নারায়ণগঞ্জ বন্দর) উপপরিচালক আলমগীর কবির জানান, সোনারগাঁ মৌজার ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএর শ্রমিক ছাড়াও দুই শতাধিক শ্রমিক অংশ নেন।জেল প্রশাসক মো. সামছুর রহমান জানান, চিহ্নিত ৩২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার চলবে অভিযান। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। এ জন্য ২৬ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।