সোনারগাঁয়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ
শ্রমিক-ছাঁটাইয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গতকাল বুধবার বিক্ষোভ হয়েছে। উপজেলার পিরোজপুর এলাকার বীথি ফ্যাশন নামের রপ্তানিমুখী পোশাক কারখানার সামনে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বীথি ফ্যাশন কর্তৃপক্ষ অর্ধশত শ্রমিককে গত তিন মাসের বেতন না দিয়েই ছাঁটাই করেছে। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও শ্রমিকদের কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে গতকাল চাকরিচ্যুত শ্রমিকেরা একত্র হয়ে কারখানার ফটকের সামনে বিক্ষোভ করেন এবং ইউএনও বরাবর স্মারকলিপি দেন।
বীথি ফ্যাশনের কোয়ালিটি ইনচার্জ শহিদুজ্জামান বলেন, ‘এই পোশাক কারখানায় ২৫০ জন শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ কোনো নোটিশ না দিয়ে ফিনিশিং, সুইং ও কোয়ালিটি সেকশনের অর্ধশত শ্রমিককে চাকরিচ্যুত করে। আমরা বকেয়া বেতন চাইতে গেলে দিই, দিচ্ছি বলে হয়রানি করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে বীথি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন বলেন, কারখানার নিয়ননীতি ভঙ্গ করায় তাঁদের (শ্রমিক) ছাঁটাই করা হয়েছে। তবে বকেয়া বেতন শিগগিরই পরিশোধ করা হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বকেয়া বেতন পরিশোধ করার জন্য মালিকপক্ষকে বলা হয়েছে।