সোনারগাঁয়ে শ্রমিককে কুপিয়েছে দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ফয়েজ (৩৫) নামের এক শ্রমিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল শুক্রবার নয়াবাড়ি এলাকায় অবস্থিত জাহিন ডাইংয়ের শ্রমিক ফয়েজ বাসায় ফেরার পথে কাঁচপুর চেঙ্গাইন রাস্তায় দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁকে পাশের একটি বাড়ির সীমানা দেয়ালের ভেতরে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ফয়েজের মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হাত-পা বেঁধে রেখে চলে যায়। ফয়েজের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফয়েজের অবস্থা আশঙ্কাজনক।প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর কাঁচপুর এলাকায় দুর্বৃত্তরা একইভাবে জুট ব্যবসায়ী ফারুককে হত্যা করে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।