সোনারগাঁয়ে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও মালিকপক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় বীথি ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে গতকাল বুধবার দুপুরে পুলিশ ও মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন।

পোশাকশ্রমিকেরা জানান, বীথি ফ্যাশনের কারখানায় দুই শতাধিক শ্রমিক দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। গত দুই মাসের বেতন ও ঈদ বোনাস চাইতে গেলে মালিকপক্ষের ভাড়াটে লোকজন শ্রমিকদের ওপর হামলা চালান। এর প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে পুলিশের একটি দল অতর্কিত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক লুৎফর রহমান, সোহাগ মিয়া, খোকন মিয়া, আবু সাঈদ, মানসুরা আক্তার, তানিয়া আক্তার, জ্যোৎস্না বেগমসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে ভাঙচুর চালান।

ওই কারখানার শ্রমিক আনিসুর রহমান বলেন, ‘আমাদের দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস চাইতে গেলে কারখানার মালিক আমাদের চাকরিচ্যুত করবেন বলে হুমকি দিয়ে ফটকে তালা লাগিয়ে দেন। এরপর হঠাৎ করে কারখানা বন্ধ করে দেন। গত দুই মাস আমাদের বেতন-ভাতা পরিশোধ করেনি মালিকপক্ষ। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।’

আহত মানসুরা আক্তার বলেন, ‘কারখানার ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেন তাঁর নিয়োজিত কতিপয় কর্মকর্তাকে দিয়ে আমাদের বিনা কারণে চাকরিচ্যুত করেন। এরপর দুই মাসের বেতনসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করে দিয়েছেন। আমরা এর ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে বিল্লাল হোসেন বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস আজ (বৃহস্পতিবার) পরিশোধ করা হবে। তিনি বলেন, শ্রমিকেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং কারখানার কাচ ও আসবাব ভাঙচুর করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, শ্রমিকেরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনূর ইসলাম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’