সোনারগাঁয়ে সংঘর্ষে ১৫ জন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াগাঁও গ্রামে গত সোমবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের দুদুু মিয়ার সঙ্গে একই এলাকার আলেক মিয়ার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার রাতে দুদুু মিয়ার নেতৃত্বে তাঁর সহযোগী মোতালেব, ইয়ানবী, মাজারুল, মোশারফ, মান্নানসহ ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রথমে প্রতিপক্ষ আলেক মিয়ার ভাই খালেক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় আলেক মিয়ার পরিবারের খালেক (৪০), হাজেরা (৩৫), খোদেজা (৪৫), খালেকের স্ত্রী (৩৫), মনিসহ (১০) প্রায় ১২ জন গুরুতর আহত হন। পরে আলেক মিয়া ও তাঁর সহযোগী সাত-আটজন সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে দুদুু মিয়ার পক্ষের মোফাজ্জলসহ তিনজন আহত হন।খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর নয়াগাঁও এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উভয় পক্ষের লোকজন থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছেন।