সোনারগাঁয়ে সজীব হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুরে সাংবাদিকপুত্র সজীব হত্যা মামলার আসামি উজ্জ্বলকে (৩১) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সজীব ঢাকা-চট্টগ্রাম রোডের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি মুঠোফোনের সরঞ্জাম বিক্রির দোকানে কাজ করতেন। গত ৫ অক্টোবর রাতে দুষ্কৃতকারীরা সজীবকে হত্যা করে ডোবায় লাশ ফেলে রাখে। পরদিন সকালে এলাকাবাসী সজীবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করেন।এদিকে সজীব হত্যার পর সন্ত্রাসী উজ্জ্বল হাবিবুর রহমানের সহযোগী সেজে মাহমুদপুর গ্রামের নিরীহ লোকদের বিরুদ্ধে মামলা করান। একপর্যায়ে উজ্জ্বলের গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ হলে নিহত সজীবের পরিবার গত বৃহস্পতিবার উজ্জ্বলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশের তদন্তে সজীব হত্যাকাণ্ডে উজ্জ্বলের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে গতকাল সকালে পুলিশ উজ্জ্বলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। উজ্জ্বলকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর ভাই বিল্লাল গতকাল দুপুরে নিহত সজীবের মাকে দা দিয়ে কোপাতে যায়। এ সময় সজীবের মায়ের চিৎকারে এলাকাবাসী গিয়ে বিল্লালকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এলাকার চিহ্নিত সন্ত্রাসী উজ্জ্বলের গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয়রা গতকাল সকালে আনন্দ-উল্লাস প্রকাশ করে। সজীব হত্যা মামলায় উজ্জ্বলকে গ্রেপ্তার ও তাঁর ভাই বিল্লালকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান।