সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় র্যাব সদস্যসহ তিনজন আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সন্ত্রাসী হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একজন সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন র্যাবের সদস্য নূরুন নবী, মনোয়ারা বেগম ও আবুল কালাম।নূরুন নবীকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে এবং অন্য দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হয়েছে। পুলিশ জজ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের ইসমাইল বেপারীর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী শাহিন ও সুরুজ মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার বিকেলে সুরুজ মিয়া ও শাহিনের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে সাত-আটজনের একটি দল ইসমাইল বেপারীর বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে ইসমাইল বেপারীর স্ত্রী মনোয়ারা বেগম (৬০), মেয়ে-জামাই নূরুন নবী (৩৮) ও ছেলে আবুল কালামকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা একটি স্বর্ণের চেইন ও নগদ সাড়ে নয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।আহত র্যাব সদস্যের স্ত্রী মমতাজ বেগম জানান, নূরুন নবী ঢাকার কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে কর্মরত। তিনি ১৯ জানুয়ারি ১০ দিনের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অপরাধীদের ধরতে অভিযান চলছে।