সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত, গ্রেপ্তার ১
সন্ত্রাসী হামলায় সোনারগাঁ উপজেলার পুরান কাঁচপুর গ্রামের বেলায়েত হোসেন ও তাঁর স্ত্রী হামিদা বেগম আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁদের জখম করা হয়। এ সময় এক হামলাকারীকে ঘটনাস্থল থেকে আটক করে জনতা। পরে তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচজন সন্ত্রাসীর একটি দল রামদা ও কুড়াল নিয়ে ওই গ্রামের ব্যবসায়ী হারুন মিয়ার বাড়ি যায়। দলটি প্রথমে হারুনের খোঁজ করে। কিন্তু হারুনকে না পেয়ে তাঁর বাবা বেলায়েত হোসেন (৫৫) ও মা হামিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করে। এ সময় তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রফিক মিয়া নামের এক হামলাকারীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। বেলায়েত ও তাঁর স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সাধন বসাক গতকাল বুধবার প্রথম আলোকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রফিক জানিয়েছেন, ব্যবসায়ী হারুনকে খুনের জন্য স্থানীয় এক ব্যক্তি তাঁদের ভাড়া করেন। পরে হারুনকে না পেয়ে তাঁর বাবা-মাকে জখম করেন। এ ঘটনায় মামলা হয়েছে।