সোনারগাঁয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগ কর্মী মারা গেছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গুলিবিদ্ধ ছাত্রলীগের কর্মী ও ঠিকাদার মাসুদ খান (৩০) গতকাল শুক্রবার মারা গেছেন। গত মঙ্গলবার সন্ত্রাসীরা গুলি করার পর ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে সেখান থেকে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। সেখানে গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়।পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বছরের আগস্ট মাসে ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দা রনি খানের লোকজনের সঙ্গে সাইফুল ইসলামের লোকজনের সংঘর্ষ হয়। রনি খান এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মাসুদকে সাক্ষী করা হয়।মাসুদের ছোট ভাই জিহাদ খান জানান, সাক্ষী হওয়ায় সাইফুল তাঁর ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কাঁচপুর মধ্যপাড়া এলাকায় রিকশাযোগে বাড়ি ফেরার সময় সাইফুলের সহযোগী জাকির হোসেন, ইয়াকুব, মাফিজুল ও মতিনসহ পাঁচ-ছয়জন মাসুদ খানের গতিরোধ করেন। তাঁরা তাঁকে গুলি করে পালিয়ে যান। পরে এলাকাবাসী মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরদিন ১৪ জুলাই জিহাদ খান সাইফুলসহ মোট ছয়জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেন। এদিকে মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরান বাজার এলাকায় তাঁর বাড়িতে ভিড় করেন। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত নেতা-কর্মীরা মাসুদ খানের হত্যাকারীদের শাস্তি দাবি করেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ শোক প্রকাশ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আজ শনিবার সকালে লাশ দাফন করার কথা রয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, মাসুদ মারা যাওয়ার কারণে গত বুধবার দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।