সোনারগাঁয়ে সন্ত্রাসীদের হামলা ভাঙচুর, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পানামনগরী এলাকায় গতকাল শুক্রবার সন্ত্রাসীরা এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পানামনগরী এলাকার ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী রুবেল, সফি, রিপন, ফারুক, সাঈদ ও ইসমাইল মাদকব্যবসার সঙ্গে জড়িত। তারা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ করায় গতকাল সকালে তারা লাহাপাড়া গ্রামের আরিফকে পিটিয়ে আহত করে এবং তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়। এরপর তারা নয়ামাটি এলাকার হাসান মিয়া, নাসির উদ্দিন, সোনারগাঁ পৌরসভার শ্রমিক দলের সভাপতি রহিম মিয়া, পৌরসভা আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম ওরফে সেরুন ও তাঁর ছেলে আমির হোসেনসহ চারটি গ্রামের কমপক্ষে ২০ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ছাড়া তারা নোয়াইল এলাকার হামিদ মিয়া, উজ্জ্বল ও মোহাম্মদ আলীর দোকানসহ পাঁচ-ছয়টি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আহত রাহিম মিয়া বলেন, ছাত্রলীগ নামধারী ক্যাডাররা রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে নিরীহ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ছাত্রলীগ নামধারী মাদক ব্যবসায়ীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।