সোনারগাঁয়ে সন্ত্রাসীদের হামলায় আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খননের নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বেশ কয়েকটি গ্রামের ব্রহ্মপুত্র্রনদের তীরবর্তী স্থানে ড্রেজার দিয়ে সন্ত্রাসীরা কৃষকের ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার শম্ভুপুরা গ্রামের কৃষকেরা বিক্ষোভ মিছিল করে বালু উত্তোলনে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা করে। এতে ২০ জন আহত হন। পরে প্রতিবাদকারীরা সংগঠিত হয়ে একটি ড্রেজারে অগ্নিসংযোগ করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর, নবীনগর,্র ফতেপুর, শম্ভুপুরা ও মোগড়াপাড়া ইউনিয়নের নওগাঁ, শুক্কুরদী, উলুকান্দি গ্রামসহ সাত-আটটি গ্রামের কৃষকের ব্রহ্মপুত্র নদের তীরে কয়েক শ বিঘা ফসলি জমি রয়েছে। দুই মাস ধরে ব্রহ্মপুত্র নদ খনন করার নামে স্থানীয় বন্দর ও সোনারগাঁ উপজেলার কয়েকজন সন্ত্রাসীর একটি চক্র ড্রেজার বসিয়ে জোর করে কৃষকের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে কেউ প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় ও মিথ্যা মামলা করার ভয় দেখায়। গতকাল দুপুরে কৃষকেরা বাধা দিলে সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। কৃষক নুরুল হক, আলী আক্কাস ও সিরাজুল ইসলাম জানান, এক মাস ধরে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী ডিগ্রিরচর, বিরহীমেরচর ও চর উলুকান্দি মৌজার কৃষকের প্রায় ২০০ বিঘা ফসলি জমির মাটি ড্রেজারের সাহায্যে জোর করে কেটে নিয়ে যাচ্ছে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ব্রহ্মপুত্র্রনদে বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ও বালু ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।