সোনারগাঁয়ে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন, শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভোরের কাগজের প্রতিনিধি আবদুস সাত্তারকে হত্যা ও রিপোর্টার্স ক্লাব বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ও হুমকি দাতার শাস্তির দাবিতে জেলার পাঁচটি উপজেলার সাংবাদিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। গত রোববার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম এসব হুমকি দেন। সাংবাদিকদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছে বিভিন্ন মানবধিকার সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।বেলা ১১টায় শুরু হওয়া মানববন্ধনে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব, আড়াইহাজার প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব ও সোনারগাঁ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা অংশ নেন। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান, সুশাসনের জন্য নাগরিক-সুজন সোনারগাঁ উপজেলা শাখা, বেসরকারি উন্নয়ন সংস্থা সুবর্ণগ্রাম, বাসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয়।