সোনারগাঁয়ে সাংসদের সাবেক একান্ত সচিব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সারের সাবেক একান্ত সচিব (পিএস) তারেক মাহমুদকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সাংসদের মোগরাপাড়া গ্রামের বাসভবন থেকে তাঁর উপস্থিতিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, সাংসদের সাবেক একান্ত সচিব উপজেলার বালুয়াকান্দি গ্রামের শফরউদ্দিনের ছেলে তারেক মাহমুদ ২৬ অক্টোবর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নোত্তরপর্বের অধিবেশনে সোনারগাঁয়ের দুটি পরিবহন কোম্পানির বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সাংসদের প্যাড ব্যবহার করে সাংসদের অজান্তে সংসদে একটি লিখিত প্রশ্ন পাঠান। এ ছাড়া সাংসদের নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্ম করার কারণে সাংসদ পুলিশ ডেকে নিয়ে তাঁকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। তাঁকে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে পাঠানো হবে।সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার কারণে ইতিমধ্যে তাঁকে বহিষ্কার করা হয়। তার পরও সে আমার নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিল।’সাংসদের সাবেক একান্ত সচিব তারেক মাহমুদ বলেন, ‘আমি অন্যায় ও প্রতারণা করেছি, এ কথা সত্য। দিনভর সাংসদের বাসায় আটক রেখে সাংসদ আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।’