সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাককান্দা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল মান্নানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সোনারগাঁ উপজেলার পরমেশ্বদী গ্রাম এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মান্নান গত বৃহস্পতিবার ছোট মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গতকাল সকালে ওই এলাকার জমিতে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। আবদুল মান্নানের পরিবারের সদস্যরা দাবি করেছেন, মান্নানকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে যায়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল মান্নানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।