সোনারগাঁয়ে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ১০ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্প এলাকায় রহিম স্টিল মিলে গতকাল রোববার সকালে বয়লার বিস্ফোরণে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, সকাল ১০টার দিকে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। শ্রমিকেরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় মিলের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। ফলে কোনো শ্রমিক বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারেনি। ঘটনার পর স্থানীয় সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী গতকাল প্রথম আলোকে জানান, মিলের দোতলায় লোহা গলিয়ে রাখা বাট্টির তলা ছিদ্র থাকায় হিটার পানির সঙ্গে মিশে বিকট শব্দ হয়ে বাট্টি ছিঁড়ে যায়। এ সময় শরীরে গলিত লোহা পড়ে ১০ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের ফায়ার সার্ভিসের লোকজন সরিয়ে নেন। আহত শ্রমিকদের মধ্যে দেলোয়ার ও হাসান নামের দুজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রহিম স্টিলের ব্যবস্থাপক সফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাট্টি ছিঁড়ে দুজন শ্রমিক আহত হয়েছেন।