সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় গতকাল বুধবার একটি বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সকালে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দুমড়ে-মুচড়ে গিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন আহত হন।
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাফি ক্লাসিক সার্ভিস নামের বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে দাউদকান্দি যাচ্ছিল। সকাল নয়টার দিকে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় পৌঁছার পর বাসটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং ২০ জন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মনির হোসেনের ছেলে জনি মিয়া (৩০), একই উপজেলার ভাটেরচর গ্রামের আলেক মিয়া (৩৫), দড়িকান্দির হাসান মিয়া (৩৮) এবং একই গ্রামের পারুল বেগম (৩৮)। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁয়ের একটি ক্লিনিকে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী মুন্সিগঞ্জের আসাদুজ্জামান ও ফারুক হোসেন জানান, বাসের চালক আমজাদ হোসেন গাড়ি চালাতে চালাতে মুঠোফোনে কথা বলছিলেন মাঝেমধ্যেই। কয়েকজন যাত্রী চালককে মুঠোফোনে কথা বলতে নিষেধ করেন। এতে যাত্রীদের ওপর ক্ষিপ্ত হন চালক আমজাদ হোসেন ও হেলপার জনি মিয়া। টিপরদী এলাকায় আসার পর সামনে ও পেছনে কোনো যানবাহন না থাকলেও হঠাৎ করে চালক বাসটি সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) ওপর তুলে দেন। এ সময় বাসটি সড়কের ওপর পড়ে দুমড়ে-মুচড়ে যায়।