সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় গতকাল রোববার বিকেলে একটি ট্রাকের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী জানান, কাঁচপুর এলাকার সিনহা গার্মেন্টসের জ্যোৎস্না নামের এক শ্রমিক বিকেল চারটার দিকে কারখানা ছুটির পর রাস্তা পারাপারের জন্য রাস্তার মধ্যে ডিভাইডারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ-১৬১০৯৯) দ্রুতগতিতে আসছিল। হঠাৎ ওই শ্রমিক ডিভাইডার থেকে পা পিছলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।এ খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার জন্য প্রস্তুতি নেন। খবর পেয়ে সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশ ওই শ্রমিকের নিহত হওয়ার সঠিক কারণ শ্রমিকদের বোঝালে তাঁরা শান্ত হন। পরে নিহত গার্মেন্টসশ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শ্রমিক জ্যোৎস্না ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বাদুরপদ্ধা গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।