সোনারগাঁয়ে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়কের সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার স্থানীয় বাসিন্দারা গতকাল শনিবার সড়কের পাশে বিক্ষোভ করেছেন।
জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে শেরশাহ আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের কাইকারটেক থেকে মোগড়াপাড়া চৌরাস্তা বৈদ্যেরবাজার হয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পর্যন্ত সড়কটির সংস্কারকাজ দুই মাস ধরে চলছে। কাজটি কামাল অ্যাসোসিয়েটস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১৭ লাখ টাকায় কার্যাদেশ দেয় নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে পানাম নগর ও চিলারবাগ শহীদ মজনু পার্ক থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত কাজ শেষ করেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে হাবিবপুর হয়ে শহীদ মজনু পার্ক পর্যন্ত অংশের সড়কে কাজ চলছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের সঙ্গে সখ্য করে নিম্নমানের পাথর ও ইট ব্যবহার করছে। তা ছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠানটি পাথরের পরিমাণ কম দিয়ে বেশি পরিমাণে বালু ব্যবহার করছে।
মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বলেন, সড়কটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ইট-পাথরের পরিমাণ কম দিয়ে বালু বেশি ব্যবহার করায় কয়েক মাসের মধ্যেই তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির পক্ষে সংস্কারকাজ তদারকির দায়িত্বে থাকা মিন্টু মিয়া বলেন, ‘ভালো সামগ্রী দিয়েই সড়কের কাজ করা হচ্ছে। এলাকাবাসী আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের সঙ্গে ঠিকাদারের কোনো সখ্য নেই।’