সোনারগাঁয়ে সড়কে গণডাকাতি আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খৈতারগাঁও সেতুর পাশের সড়কে গত রোববার রাতে গণডাকাতি হয়েছে। ডাকাতেরা বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় ডাকাতদের হামলায় ১০ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী যাত্রী ও স্থানীয় সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন জানান, ইউনিয়নের বারদী-অলিপুরা বাজার সড়কের খৈতারগাঁও সেতুর পাশের সড়কে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত রোববার গভীর রাতে সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো থামিয়ে সেগুলোর যাত্রীদের নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। তারপর অন্যান্য যানবাহনের গতি রোধ করে সেগুলোর যাত্রীদের কাছ থেকেও টাকা, মুঠোফোনের সেটসহ বিভিন্ন মালামাল লুট করে। এ সময় বাধা দিলে ডাকাতদের হামলায় মশুরদী গ্রামের লোকমান হোসেন, চরভুলুয়া গ্রামের সেলিম মিয়া, নবীর হোসেন, মাসুদ মিয়া, জামাল মিয়া, বারদী গ্রামের মিজান হোসেন, বাবু মিয়াসহ ১০ জন আহত হন।আহত মাসুদ ও লোকমান জানান, ডাকাতেরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে অন্তত ১৫ জনের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।