সোনারগাঁয়ে ১০ ইউনিয়ন প্লাবিত, কয়েক শ হেক্টর জমির ফসল নষ্ট
তিন দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নষ্ট হয়ে গেছে কয়েক শ হেক্টর জমির ফসল। জানা গেছে, উপজেলার সনমান্দি, জামপুর, বারদী, নোয়াগাঁও, মোগড়াপাড়া, পিরোজপুর, শম্ভুপুরা, সাদিপুর, কাঁচপুর, বৈদ্যেরবাজার, পিরোজপুর ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বৈদ্যের বাজার এবং পিরোজপুর ইউনিয়নের সাতভাইয়াপাড়া ও ভাটিবন্দর গ্রামের পাঁচটি বাড়িঘর মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সনমান্দি ইউনিয়নের নাজিরপুর, চরলাল, দড়িকান্দি এবং সাদিপুর ইউনিয়নের নয়াপুর, আমগাঁও গ্রামের কয়েক শ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। চরলাল গ্রামের কৃষক নাজমুল মিয়া (৪৫) জানান, লালশাক, ধনেপাতা, মুলার শাকসহ বিভিন্ন শীতকালীন শাকসবজি নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা নূর্সিয়া কমল জানান, সরেজমিন তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।