সোনারগাঁয়ে ১০ লাখ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মহজমপুর এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে আবুল কাশেম নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ও একটি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। গত সোমবার সকালে এই ঘটনা ঘটে।সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আজমিরুজ্জামান জানান, সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণদী ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ভাই ভাই টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবুল কাশেম মোটরসাইকেলযোগে ১০ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জে কারখানার প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ঢাকা-মদনপুর-বারদী সড়কের মহজমপুর এলাকায় স্থানীয় সন্ত্রাসী নাজমুল হাসান (৪০), মান্নান (৪২) ও রঞ্জু (৩৫) জোরপূর্বক মিল ব্যবস্থাপকের মোটরসাইকেলের গতি রোধ করে টাকাভর্তি ব্যাগ ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও ভয়ে পথচারীরা কেউ এগিয়ে আসেনি।এ ঘটনার সোমবার রাতে আবুল কাশেম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।