সোনারগাঁয়ে ২ গৃহবধূর গায়ে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর গ্রামে গতকাল শনিবার সকালে দুই গৃহবধূর শরীরে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। দুই গৃহবধূসহ গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে সাহেব আলীর বাড়িতে যান তাঁর প্রতিবেশী বাদশা মিয়া, জলিল, মোসলেম ও মোস্তফা। তাঁরা উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে জ্বলন্ত কাঠ এনে সাহেব আলীর স্ত্রী সাহিদা (৩০) ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ইয়াসমিনের শরীরে আগুন ধরিয়ে দেন। এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই দুই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থান আগুনে ঝলসে যায়। অগ্নিদগ্ধ সাহিদা ও ইয়াসমিনসহ আহত সাতজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাহিদা বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী গতকাল বিকেলে জানান, ঘটনাটি তদন্ত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।