সোনারগাঁয়ে ২০০ হেক্টর জমির বোরো পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি নদীর পানি হঠাত্ বেড়ে যাওয়ায় গত দুই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ২০০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ফসল হারিয়ে অনেক কৃষক এখন দিশেহারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা, পিরোজপুর, বৈদ্যেরবাজার, মোগড়াপাড়া, জামপুর, বারদী ও নোয়াগাঁও ইউনিয়নের ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর চরে এবং নদীর তীরবর্তী নিচু জমিতে এ বছর প্রায় ২০০ হেক্টর ইরি ও বোরো ধানের চাষ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এসব ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এরই মধ্যে গত বুধ ও বৃহস্পতিবার নদীর পানি হঠাত্ বেড়ে যাওয়ায় কৃষকদের সব পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।গতকাল শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি, চৌধুরীগাঁও ও হোসেনপুর এবং পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গিয়ে দেখা যায়, অনেক কৃষক পানির নিচে ডুব দিয়ে আধা পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন। পানি বেশি হওয়ায় অনেক চেষ্টা করেও ধান কাটতে পারছেন না কৃষকেরা। রতনপুর গ্রামের কৃষক জাহের আলী (৪৫) জানান, অন্যান্য বছর পানি আসে ধান কাটার পর। কিন্তু এ বছর হঠাত্ পানি বেড়ে যাওয়ায় এলাকার অধিকাংশ কৃষক ধান কাটতে পারেননি।