সোনারগাঁয়ের চৈতী কম্পোজিটকে ২২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেড নামের একটি শিল্পপ্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তর ২২ লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়া দূষণ বন্ধের অঙ্গীকারসহ ৫০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি নিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই প্রতিষ্ঠানের ইটিপি যন্ত্র অকার্যকর পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী এ জরিমানা আদায় করেন। তা ছাড়া, ২৭ মের মধ্যে অকার্যকর ইটিপি যন্ত্রটি কার্যকর করে দূষণ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করে আশপাশের জনসাধারণের জমিতে নিঃসৃত বর্জ্য পানি রাসায়নিক প্রক্রিয়ায় পরিশোধন করার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে। এ নির্দেশ পালন না করলে কারখানার মালিককে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা বন্ধ করে দেওয়ার জন্য হুঁশিয়ার করা হয়। উল্লেখ্য, চৈতী কম্পোজিট লিমিটেডের ত্রুটিপূর্ণ ইটিপি থেকে নিঃসৃত বর্জ্যে ওই এলাকার টিপুরদী গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রাম পরিবেশ বিপর্যয়ের মুখে রয়েছে।