সোনারগাঁয়ের পঙ্খিরাজ খাল দখল করছেন প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার পঙ্খিরাজ খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। দখলের কারণে সরু হয়ে যাওয়া খাল দিয়ে পানি সরতে সমস্যা হয়। এতে বর্ষাকালে পৌরসভার ১০টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। এ ছাড়া দখলের কারণে এক বছর ধরে এ খালে নৌকা চলাচল একেবারে বন্ধ রয়েছে।এলাকাবাসী জানায়, পঙ্খিরাজ খালের দুই পাশের অনেক বাড়ির মালিক ও প্রভাবশালী ব্যক্তিরা ভবন, সীমানাপ্রাচীর ও দোকানঘর নির্মাণ করে সেটি দখল করে নিচ্ছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৪৭ জন দখলদারকে চিহ্নিত করে খালের ওপর গড়ে তোলা কয়েকটি পাকা ভবন ভেঙে দখলমুক্ত করার চেষ্টা চালানো হয়। কিন্তু দুই বছর ধরে খালের দুই পাশে নতুন করে আরও ৫০টি স্থাপনা গড়ে তোলা হয়েছে। আগে যে ভবনগুলো ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোও নতুন করে নির্মাণ করা হয়েছে।নতুন করে খাল দখল করার কারণে এ বছর পঙ্খিরাজ খাল দিয়ে নৌকা চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। ষোলপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস কামাল বলেন, সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া, জয়রামপুর, গোবিন্দপুর, লাহাপাড়া, পানাম গাবতলী, বানিনাথপুর, বালুয়া দিঘীরপাড়, নয়ামাটি, রাইজদিয়া ও নোয়াইল গ্রামের লোকজন বর্ষাকালে এ খাল দিয়ে পণ্য আনা-নেওয়া করত। কিন্তু প্রভাবশালীরা খালের দুই পাশ দখল করে নেওয়ায় খালটি সরু হয়ে গেছে। এতে নৌকা চলাচল একবারে বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, খালটি সরু হয়ে যাওয়ায় বর্ষাকালে ঠিকমতো পানি সরতে পারে না। এতে জলাবদ্ধতা দেখা দেয়।সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল বলেন, ‘খালটি প্রভাবশালীরা খেয়ে ফেলেছে। দীর্ঘদিন আন্দোলনের পর বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে উচ্ছেদ অভিযান শুরু করার পর অজ্ঞাত কারণে তা থেমে যায়। এখন আবার দখলের উৎসবে মেতে উঠেছে প্রভাবশালী ব্যক্তিরা।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন বলেন, দখলমুক্ত করে পঙ্খিরাজ খালকে আগের রূপে ফিরিয়ে দেওয়া হবে।