সোনারগাঁয়ের বউ মেলা জমে উঠেছে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জয়রামপুর গ্রামে গত শনিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী বউমেলা। গ্রামের শত বছরের পুরোনো বটগাছের নিচে প্রতিবছরের মতো এবারও এ মেলা বসেছে। তবে এবারই প্রথম সরকার মেলার উন্নয়নে অর্থ বরাদ্দ দিয়েছে। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শত বছরের পুরোনো এ মেলা। সোনারগাঁ পৌর ও উপজেলা প্রশাসন যৌথভাবে মেলাকে কেন্দ্র করে গ্রামে প্রাচীন বটগাছটির নিচে স্থায়ী মঞ্চ নির্মাণ করে ভূমি উন্নয়নের কাজ করেছে। এবার এ মঞ্চ থেকে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করা হয়। স্থানীয় শিল্পকলা একাডেমী ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাউলশিল্পীদের পরিবেশনা স্থানীয় বাসিন্দাদের মুগ্ধ করে। মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত। গ্রামের বাসিন্দা লক্ষ্মী রানী (৫৫) জানান, স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে মহিলারা সারা বছর এ মেলার অপেক্ষায় থাকেন। স্থানীয় হিন্দুরা শত বছরের পুরোনো বটগাছটিকে সিদ্ধেশ্বরী দেবী বলেও আখ্যায়িত করেন। তাই এ মেলাকে অনেকে সিদ্ধেশ্বরী দেবীর মেলাও বলে থাকে। গতকাল মেলায় আসা লোকজন জানায়, পুরোনো বছরে স্বামী-স্ত্রীর মধ্যকার বিবাদ দূরে ঠেলে বধূরা যেন স্বামীর ভালোবাসায় সৌভাগ্যবতী হয়ে নতুন বছরে সংসারকে ভরিয়ে তুলতে পারে, সে লক্ষ্যেই বটগাছটির গোড়ায় পূজা দেন হিন্দু রমণীরা। এ প্রার্থনাকে কেন্দ্র করেই গাছের তলায় সমাগম ঘটে নারীদের।সরেজমিনে দেখা যায়, বটগাছটির চারদিকে বিভিন্ন ফলের ভোগ দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। একে ঘিরে বসেছে মেলা। বসেছে বারোয়ারি দোকান, বাঁশের বাঁশি, নকশিকাঁথা, চেয়ার-টেবিল থেকে শুরু করে বিভিন্ন চারু ও কারুশিল্পের পসরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, একটি মেলা যে শুধু নারীকেন্দ্রিক হতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। মেলাটির প্রতি স্থানীয়দের আগ্রহ দেখে এখানে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে কিছু উন্নয়নমূলক কাজ করানো হয়েছে।