সোনারগাঁয়ের মেঘনায় ডুবে ঢাকার দুই স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকার মেঘনা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলো ঢাকার তেজগাঁও মডেল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র শুভ (১৫) ও সাব্বীর (১৬)। শুভ ২৫৩/৩, পূর্ব নাখালপাড়া, তেজগাঁওয়ের মনির হোসেনের ছেলে। সাব্বির তেজগাঁও স্টেশন রোড এলাকার আবদুল আলীর ছেলে।তেজগাঁও মডেল হাইস্কুলের শিক্ষক সুরোজিত্ হালদার জানান, স্কুলের দশম শ্রেণীর ১৬ জন ছাত্রকে নিয়ে তিনি গতকাল বেলা ১১টায় সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে বেড়াতে আসেন। বেড়ানো শেষে তিনি ছাত্রদের নিয়ে দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ঘাট থেকে ট্রলারে করে মেঘনা নদীতে যান। এ সময় ছাত্ররা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানা শুভ ও সাব্বির নামের দুই ছাত্র তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত নয়টায় নদী থেকে দুই ছাত্রের লাশ উদ্ধার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী গতকাল রাতে প্রথম আলোকে জানান, দুই ছাত্রের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।