সোনারগাঁয়ের লিচু বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাকা লিচু বাজারে এসেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পাইকার-ফড়িয়া ব্যবসায়ীরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন বাগানে। অন্য যেকোনো বছরের তুলনায় এ বছর ফলন ভালো হলেও দাম বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান জানান, দেশের অন্যান্য স্থান লিচুর জন্য বিখ্যাত হলেও সোনারগাঁয়ের লিচুর খ্যাতি দীর্ঘদিনের। সোনারগাঁয়ের কদমি লিচুর সুনাম প্রাচীনকাল থেকেই। সোনারগাঁ পৌরসভার চিলারবাগ, পানাম, দত্তপাড়া, খাসনগর দিঘিরপাড়, ইছাপাড়া, গাবতলী, হারিয়া, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা, ষোল্লাপাড়া, বাড়িমজলিশ এলাকায় লিচু বাণিজ্যিকভাবে চাষ হয়।লিচুচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর লিচুর ফলন বেশ ভালো হয়েছে, তবে প্রথমে খরা ও পরে অতিবৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়েছে। হারিয়া এলাকায় লিচুচাষি শফিকুল ইসলাম জানান, অন্য যেকোনো ফলের চেয়ে লিচুর চাষে লাভ বেশি হয়। এক বিঘা জায়গায় লিচু চাষে বছরে দুই থেকে তিন লাখ টাকা মুনাফা করা যায়। এতে খরচ একেবারে নেই বললেই চলে। বছরে একবার লিচুগাছের পরিচর্যা করলেই হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আরও জানান, দিনের পর দিন লিচুর চাষ কমে যাচ্ছে। কারণ, জমির দাম বেড়ে যাওয়ায় লিচুগাছ কেটে বিভিন্ন আবাসন কোম্পানি দালান-কোঠা ও শিল্পকারখানা নির্মাণ করছে। সরেজমিনে বিভিন্ন লিচুবাগানে গিয়ে দেখা যায়, গ্রীষেঞ্চর রসাল লিচু ক্রেতাদের আকৃষ্ট করেছে। লিচুর টানে সোনারগাঁয়ে কয়েক দিন ধরে পর্যটকদের ভিড় বেড়েছে। লিচু ব্যবসায়ীরা জানান, বছরের শুরুতে পাকা লিচুর দাম একটু বেশি। এ বছর ১০০ লিচু ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল রঙের সারি সারি লিচু বাগানে ফড়িয়া ও পাইকারেরা ভিড় জমিয়েছেন। সোনারগাঁয়ে বেড়াতে আসা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলমগীর ও শাহ পরান জানান, গ্রীষেঞ্চর এ প্রখর রোদে শুধু বাগানের তরতজা পাকা লিচুর স্বাদ নেওয়ার জন্য এখানে আসা।