সোনারগাঁয়ের সেই কলেজের অধ্যক্ষ অবশেষে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আমীর হোসেন সরকারকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে কলেজের পরিচালনা পর্ষদ তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করে।জানা যায়, ১৯৯৩ সালে উপজেলার একমাত্র এ নারী বেসরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯৮ সালের ৯ জুলাই আমীর হোসেন সরকার অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছর কলেজের ২৬ জন শিক্ষক ও কর্মচারী তাঁর অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। শিক্ষা মন্ত্রণালয় ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি তদন্ত দল গত বছরের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি তদন্ত করে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায়। দুর্নীতির মাধ্যমে আয় করা এক কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে অধ্যক্ষ আমীরকে চিঠি দেন তাঁরা। কিন্তু চিঠি দেওয়ার পরও আমীর টাকা জমা দেননি।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়ে কলেজের পরিচালনা পর্ষদকে জানায়, তাদের তদন্ত দল অধ্যক্ষ আমীরের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে। এ জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।এ ব্যাপারে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আবদুল্লাহ আল কায়সার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাঁরা পর্ষদের সদস্যদের নিয়ে সভা করেন। ওই সভায় অধ্যক্ষ আমীরকে কলেজ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।এ ব্যাপারে অধ্যক্ষ আমীর হোসেন জানান, অন্যায়ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন।এদিকে অধ্যক্ষ আমীরের বরখাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কলেজের অন্য শিক্ষকেরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। কলেজের দর্শন বিভাগের প্রভাষক আবু তাহের সরকার বলেন, ‘একজন দুর্নীতিবাজের শাস্তি হয়েছে এতেই আমরা খুশি।’গত বছরের ২ মার্চ প্রথম আলোতে ‘সোনারগাঁ কাজী ফজলুল হক কলেজের যত দুর্নীতি’ ও ৩ মার্চ এ বিষয়ে সম্পাদকীয় প্রকাশিত হয়।