ঢাকা-সিলেট রেললাইনে আগামী ১ বৈশাখ থেকে চালু হওয়া নতুন ট্রেন সোনারতরী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে অবরোধ করবে এলাকাবাসী। এই স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতির (স্টপেজ) দাবিতে আন্দোলনে নেমেছে তারা।গতকাল সোমবার এক প্রতিবাদ সভায় এই ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ জংশন প্ল্যাটফর্মে সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের আহ্বানে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ছালেক মিয়া। এতে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব তানভির আহমেদ জুয়েল, সাবেক পৌর চেয়ারম্যান আবদুর রেজ্জাক রাজা মিয়া, আবদুর রশিদ, তালুকদার ইকবাল, হুমায়ুন কবীর সৈকত, মাসুদুজ্জামান মাসুক, আ স ম আফজল আলী, আবদুর রকিব, তরিকুল ইসলাম হারুন, সাইদুর রহমান, ওয়াহেদ মিয়া, প্রণব পাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঢাকা-সিলেট রেললাইনে শায়েস্তাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রেল জংশন। প্রতিটি ট্রেন এই জংশনে থামে। নতুন সোনারতরী ট্রেনটি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করবে। অথচ ট্রেনটির যাত্রাবিরতি (স্টপিজ) এই স্টেশনে না দেওয়ার কারণ জনগণের কাছে পরিষ্কার নয়।