সোনারায় ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সোনারায় সংগলসি উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে বেলুন উড়িয়ে ওই ঘোষণা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। বক্তব্য দেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ওসি শাহজাহান পাশা, সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।
ইউএনও সাবেত আলী বলেন, আগামী এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তাই পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।