সোনালি কয়েনের কারণে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত সেই সোনালি কয়েন নিয়ে মারামারি করে জীবন দিতে হলো এক মাদ্রাসাছাত্রকে। আহত হয়ে আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। সিলেটের বালাগঞ্জের গহরমলি গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত ব্যক্তির নাম শাহজাহান মিয়া (২২)। তিনি স্থানীয় আদিত্যপুর তিলকচানপুর মাদ্রাসার ছাত্র।নিহত শাহজাহানের পরিবার ও পুলিশ জানায়, গত সোমবার রাতে শাহজাহান স্থানীয় গণশিক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের রুহেল মিয়া তাঁর কাছে সোনালি কয়েন আছে কি না জানতে চান। তখন শাহজাহান জানতে চান, কয়েন দিয়ে কী হবে। রুহেল জানান, প্রতিটি কয়েন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে আলোচনার একপর্যায়ে রুহেল শাহজাহানকে গালিগালাজ করেন। তখন শাহজাহান রুহেলকে মারধর করেন। এর জের ধরে গত বুধবার রাতে স্থানীয় আয়না মার্কেটের কাছে শাহজাহানের ওপর হামলা চালান রুহেল ও তাঁর সহযোগীরা। এ সময় শাহজাহানের সাহায্যে লুৎফুর রহমান ও সজ্জাদ মিয়া এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। আহত অবস্থায় শাহজাহান (২২), লুৎফুর (৩০) ও সজ্জাদ মিয়াকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় শাহজাহান ও লুৎফুরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাজ্জাদকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মাথা, হাত ও মূত্রথলিতে গুরুতর আঘাত পাওয়া শাহজাহানকে কয়েক দফা অস্ত্রোপচারের পর গতকাল শনিবার ভোর ছয়টার দিকে তিনি হাসপাতালে মারা যান। এদিকে মাথায় আঘাত পাওয়া লুৎফুর রহমান এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।হামলার ঘটনায় শাহজাহানের চাচা মনুফর আলী ছয়জনকে অভিযুক্ত করে বুধবার রাতে বালাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, শাহজাহান মারা যাওয়ায় অভিযোগটি এজাহার হিসেবে নিয়ে হত্যা মামলায় রূপান্তর করা হবে।মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন চরসুবিয়া গ্রামের বাউলা মিয়ার ছেলে ইদ্রিস মিয়া, তাঁর ছেলে এলকাছ মিয়া, সুহেল মিয়া, রুহেল মিয়া, খালিছ মিয়া ও শুকুর মিয়ার ছেলে ফজলু মিয়া।মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।