সোনালি দিনের স্মৃতিচারণা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, শিক্ষার্থীদের শারীরিক কসরত, আলোচনা সভা, সেমিনার, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের সুবর্ণজয়ন্তী উৎসব গতকাল শনিবার শুরু হয়েছে। দুই হাজার ১৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীর উপস্থিতিতে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ উৎসবের উদ্বোধন করেন। আজ রোববার উৎসবের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। আয়োজকেরা জানান, ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার মধ্যে গতকাল সকাল নয়টায় কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নানা রঙের ফেস্টুন, বাঁশি ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নুরুল ইসলাম নাহিদ। এ সময় স্টেডিয়ামের লাল-সবুজের শামিয়ানার নিচে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা তুমুল করতালি দেন। পরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা নানা ধরনের শারীরিক কসরত প্রদর্শন করে।বেলা সাড়ে ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাসের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. নোমান উর রশীদ ও সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা। শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে দেশের উন্নয়ন করতে হবে। প্রচলিত শিক্ষা দিয়ে আধুনিক বাংলাদেশের নির্মাতা গড়ে তোলা সম্ভব নয়। দেশের শিক্ষাব্যবস্থাকে ঠিক রাখার জন্য রাজনৈতিক নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে। এ জন্য সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস লালন ও ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘গতানুগতিক কাজ করার জন্য মন্ত্রী হইনি, চ্যালেঞ্জ নেওয়ার জন্য মন্ত্রী হয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়নের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই। ১০ জনের মধ্যে আমি একজন। দশে মিলেই আমরা কাজ করছি।’ তিনি আরও বলেন, ‘কুমিল্লা শিক্ষা বোর্ড ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। আমি ’৬০ সালে ম্যাট্রিক (এসএসসি) পাস করি। দুই বছর আগে হলে আমিও এই বোর্ডের ছাত্র হতে পারতাম। কুমিল্লা দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানকার উন্নয়নের জন্য আমাদের নজর রয়েছে।’ বিকেল চারটায় কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রথম দিনের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন হয়। এ পর্বে ছিল সেমিনার, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম। সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে ওই সেমিনার হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ডের সচিব মো. অলিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ।এরপর স্মৃতিচারণা করেন বোর্ডের সাবেক চেয়ারম্যান মোবারক আলী আকন্দ, আনওয়ারুল আজিম সিদ্দিকী ও সাবেক সচিব মমিনুল হক চৌধুরী। স্মৃতিচারণা অনুষ্ঠানে অভিন্ন সুরে তাঁরা বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ড দেশের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখে আসছে। এ বোর্ডের সোনালি দিনগুলোর কথা মনে এলে এখনো তাঁরা নস্টালজিক হয়ে পড়েন। পরে কুমিল্লার স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।