সোনালি ফসলে চাষির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন এলাকায় সবে ধান পাকতে শুরু করেছে। কিন্তু টেকনাফের লবণমাঠের চিত্র অন্য রকম। লবণমাঠে চাষ করা আমন ধান খানিকটা আগেই পেকেছে।
কৃষকেরা জানান, আগে লবণ উৎপাদনের মৌসুম শেষ হলে মাঠ খালি পড়ে থাকত। কারণ, লবণমাঠে ফসল উৎপাদন করা সম্ভব হতো না। এখন লবণমাঠে বিশেষ জাতের ধান চাষ করা হচ্ছে। কয়েক দিন ধরে চাষিরা মাঠের পাকা ধান কেটে গোলায় তুলছেন। কেউ কেউ সেই ধান বিক্রিও করছেন।
গতকাল মঙ্গলবার টেকনাফ উপজেলার রঙিখালী গ্রামে নাফ নদীর তীর ঘুরে দেখা যায়, কয়েক শ একর লবণমাঠে আমন ধানের চাষ করা হয়েছে। চাষিরা সেই ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন। রঙিখালীর দক্ষিণে জাদিমুরা, লেদা, মুছনি, দমদমিয়া এবং উত্তরের হ্নীলা গ্রামেও একই দৃশ্য চোখে পড়ে।
লবণমাঠে ধানের ভালো ফলন হওয়ায় কৃষকেরা খুশি। রঙিখালী গ্রামের কৃষক আলী হোসেন জানান, তিনি গত বছর ডিসেম্বরে পাঁচ কানি (৪০ শতকে এক কানি) জমিতে লবণ উৎপাদন করেছেন। স্থানীয় ব্যক্তিদের দেখাদেখি তিনিও গত জুলাইয়ে ওই পাঁচ কানি জমিতে বিনা ৮ ও বিনা ১০ জাতের আমন ধানের চারা রোপণ করেন। ২৬ অক্টোবর থেকে তিনি মাঠের পাকা ধান কাটছেন। প্রতি কানিতে তিনি ধান পেয়েছেন ১৭ মণ করে।
মোছনি গ্রামের কৃষক আবদুর রশিদ জানান, তিনি ছয় কানি লবণমাঠে বিনা জাতের আমন চাষ করে ১০৫ মণ ধান পেয়েছেন। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮০০ টাকা করে।
জাদিমুরা গ্রামের কৃষক আবুল মঞ্জুর বলেন, গত বছর কৃষি বিভাগের পরামর্শে ছয় কানি লবণমাঠে আমনের চাষ করে সফল হন। এবার ১০ কানি লবণমাঠে ব্রি ৪০ ও ৪১ জাতের ধানের চাষ করে ভালো ফলন পেয়েছেন। ইতিমধ্যে তিনি ৯৫ শতাংশ জমির ধান কেটেছেন।
কৃষকেরা জানান, টেকনাফে প্রতি মৌসুমে ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদন করা হয়। এর মধ্যে প্রায় দুই হাজার একর লবণমাঠে এবার আমনের চাষ হয়েছে।
কৃষি বিভাগের তথ্যমতে, এবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৮৬৪ দশমিক ৫ একর, হ্নীলায় ৮৬৪ দশমিক ৫ একর, সাবরাংয়ে ২৪৭ একর ও বাহারছড়া ইউনিয়নে ২৪৭ একর লবণমাঠে ধান চাষ হয়েছে। সাধারণ জমিতে প্রতি একরে ৪৫ মণ ধান পাওয়া গেলেও লবণমাঠে উৎপাদিত হয় ৩৮ মণ করে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, ‘লবণমাঠে আমন ধান চাষের জন্য আমরা উপকূলের কৃষকদের নিয়ে বৈঠক করছি। দিচ্ছি নানা পরামর্শ। এর ফলে এবার ২ হাজার ২২৩ একর লবণমাঠে ধান চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ১ হাজার ২০০ একর লবণমাঠে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, তিন বছর ধরে টেকনাফের পরিত্যক্ত লবণমাঠে বিশেষ জাতের ধান চাষ হচ্ছে। এবার বাম্পার ফলন হওয়ায় আগামী বছর লবণমাঠে ধান উৎপাদন আরও বাড়বে।
কৃষি বিভাগ সূত্রমতে, চলতি মৌসুমে টেকনাফ উপজেলায় ২৬ হাজার ৭৩৭ একর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার মেট্রিক টন। কিন্তু লবণমাঠে ধান চাষের কারণে এবার উৎপাদন ৪৫ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে।