সোনালী ব্যাংক ব্যবস্থাপককে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কিশোরগঞ্জ সোনালী ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার শাখা ব্যবস্থাপককে (এজিএম) মো. সাইফ উদ্দিনকে দুই দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কিশোরগঞ্জের ১ নম্বর আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদ এ আদেশ দেন।
সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন, ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ আসামি মো. সাইফ উদ্দিনকে কিশোরগঞ্জ আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
গত ১৫ নভেম্বর সাইফ উদ্দিনকে রাজধানীর মতিঝিল থানার পুলিশ সোনালী ব্যাংকের মতিঝিল প্রধান শাখা থেকে গ্রেপ্তার করে। পরের দিন তাঁকে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ দুদকের কাছে হস্তান্তর করা হয়।