সোনালী ব্যাংকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকে মেধা তালিকা থেকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা। ছবি: বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংকে মেধা তালিকা থেকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে আজ অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা। ছবি: বিজ্ঞপ্তি

সোনালী ব্যাংকে মেধা তালিকা থেকে প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রার্থীরা। ‘সোনালী ব্যাংক প্যানেল নিয়োগ বাস্তবায়ন কমিটি’র ব্যানারে আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সোনালী ব্যাংক প্যানেল নিয়োগ বাস্তবায়ন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় দুঘণ্টা ধরে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করা হয়। এ সময় চাকরিপ্রার্থীরা নিজেদের প্রবেশপত্র হাতে নিয়ে চাকরির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা দাবি সংবলিত প্ল্যাকার্ডও প্রদর্শন করেন। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। পরে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্দোলনকারীদের প্রতিনিধিদের ডাকেন। আন্দোলনকারীদের মধ্য থেকে নূরে আলম সিদ্দিকী, সিরাজুল ইসলাম খান ও মেহেরুননেসা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করে নিজেদের দাবির কথা জানান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক তাঁদের আশ্বস্ত করে বলেন, ১৩ জুলাই পর্যন্ত বর্তমান নিয়োগ চলছে। এর পর নির্ধারিত আসনের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে একটি প্যানেল করার চিন্তা-ভাবনা আছে। একই সঙ্গে বিষয়টি পর্ষদ সভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি।