সোনালী ব্যাংকে লুট: সোহেলের মামাশ্বশুর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখা থেকে ১৬ কোটি টাকা লুটের ঘটনায় এক ব্যক্তিকে আজ শনিবার সকালে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
আটক হওয়া ব্যক্তির নাম সিরাজ মিয়া (৬০)। তিনি সোনালী ব্যাংক লুটের মূল হোতা সোহেল মিয়ার মামাশ্বশুর। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপুমদী গ্রামে।
র‌্যাব সূত্রে জানা গেছে, সকাল সোয়া ছয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে সিরাজকে আটক করা হয়। ব্যাংক লুটের ঘটনায় তাঁর প্ররোচনা রয়েছে বলে র‌্যাবের ধারণা। তাঁকে কিশোরগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।
র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযানের বিষয়ে তিনি অবগত নন।
দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের স্ট্রংরুমের ভল্টে ঢুকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে চোরের দল। শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যে এই অভিনব ও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরে র‌্যাব ঢাকার শ্যামপুরের নিলয় ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে পাঁচ বস্তা টাকাসহ সোহেল রানা ও তাঁর সহযোগী ভাই ইদ্রিস মুন্সিকে গ্রেপ্তার করে।