সোনালী ব্যাংকে লুট: সোহেলের মামাশ্বশুর জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখা থেকে ১৬ কোটি টাকা লুটের ঘটনায় এক ব্যক্তিকে আজ শনিবার সকালে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক হওয়া ব্যক্তির নাম সিরাজ উদ্দিন (৬০)। তিনি সোনালী ব্যাংক লুটের মূল হোতা সোহেল মিয়ার মামাশ্বশুর। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপুমদী গ্রামে।

র‌্যাব সূত্রে জানা গেছে, সকাল সোয়া ছয়টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে সিরাজকে আটক করা হয়। ব্যাংক লুটের ঘটনায় তাঁর প্ররোচনা রয়েছে বলে র‌্যাবের ধারণা।

র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ও মামলাটির তদন্ত কর্মকর্তা রাজীব কুমার দেব প্রথম আলোকে বলেন, আটক করার পর সিরাজকে কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।

দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে কিশোরগঞ্জ সোনালী ব্যাংকের স্ট্রংরুমের ভল্টে ঢুকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে চোরের দল। শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যে এই অভিনব ও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। পরে র‌্যাব ঢাকার শ্যামপুরের নিলয় ভবনের ছয়তলার একটি ফ্ল্যাট থেকে পাঁচ বস্তা টাকাসহ সোহেল রানা ও তাঁর সহযোগী ভাই ইদ্রিস মুন্সিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদে সোহেল বলেন, তাঁর মামাশ্বশুর সিরাজ উদ্দিনের প্ররোচনায় ব্যাংকের টাকা চুরির পরিকল্পনা করেন তিনি। সোহেল আরও জানান, বিদেশ থেকে আনা টাকা সিরাজ উদ্দিনকে দিয়েছিলেন তিনি। কিন্তু সিরাজ উদ্দিন সে টাকা তাঁকে ফেরত দিতে পারেননি। সোহেল টাকা ফেরত পাওয়ার জন্য তাঁকে ক্রমাগত চাপ দিলে সিরাজ উদ্দিন তাঁকে ব্যাংক থেকে টাকা চুরির পরামর্শ দেন। এর পরই সোহেল টাকা চুরির পরিকল্পনা করেন।