হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের আরও ৩০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ওই কর্মকর্তারা ব্যাংকটির আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগ, পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ-২, ভিজিল্যান্স অ্যান্ড কন্ট্রোল বিভাগ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে কাজ করছেন বা করতেন বলে দুদক সূত্র জানিয়েছে। গতকাল রোববার তাঁদের কাছে চিঠি পাঠানো হয়। দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সূত্র জানায়, তাঁদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে।জিজ্ঞাসাবাদের তালিকায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিভাগের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী ফখরুল ইসলাম, আতিকুর রহমান ও মইনুল হক; তিন মহাব্যবস্থাপক (জিএম) নওশের আলী খোন্দকার, মাহবুবুল হক ও আ ন ম মাসরুরুল হুদা সিরাজী; দুই উপ-মহাব্যবস্থাপক মো. মুছা ও শেখ আলতাফ হোসেন; অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) সফি উদ্দিন আহমেদ এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সোহরাব হোসেনের নাম রয়েছে।সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার বিভিন্ন সময়ের মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমান (২০১০ সালের ২১ মার্চ থেকে ২০১১ সালের ২ জানুয়ারি), ননীগোপাল নাথ (২০১১ সালের ২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত), উপ-মহাব্যবস্থাপক আ ন ম হেদায়েত উল্লাহর (২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) নাম ওই তালিকায় রয়েছে।এ ছাড়া, তালিকায় কনিষ্ঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনকারী সহকারী মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, জ্যেষ্ঠ কর্মকর্তা মিহির চন্দ্র মজুমদার, উজ্জ্বল কিশোর ধর, মো. ওয়াহিদুজ্জামান, জুনিয়র অফিসার উকিল উদ্দিন আহমেদ ও সাইদুর রহমান।