সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুদক
ঋণপত্র (এলসি) জালিয়াতির দুটি মামলায় মো. নুরুজ্জামান নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে সংস্থার উপপরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে দুদকের একটি দল রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। নুরুজ্জামান সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে ২১ কোটি ও ৫ কোটি টাকার দুটি এলসি জালিয়াতির মাধ্যমে ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২১ মার্চ দুটি মামলা করেন মোজাহার আলী সরদার। মামলা দুটির তদন্তও করছেন দুদকের এ কর্মকর্তা। মামলার তদন্তের স্বার্থে সাবেক ওই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।