সোনালী ব্যাংকের এমডিকে কারণ দর্শাও নোটিশ
ব্যাংকে জনগণের অর্থের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত না করায় বাংলাদেশ ব্যাংক রাষ্ট্র খাতের সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্তকে দায়িত্ব পালনে অবহেলার দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে ব্যাংকের ভল্ট থেকে ১৬ কোটি টাকা লুটের কিছুদিন পর ৮ মার্চ বগুড়ার আদমদীঘিতে একই কায়দায় ৩১ লাখ টাকা লুট হয়। কেন্দ্রীয় ব্যাংক কিশোরগঞ্জের ঘটনার পর ব্যাংকগুলোর অর্থের নিরাপত্তায় যেসব নির্দেশনা দেয়, তা সঠিকভাবে প্রতিপালন না হওয়ায় সোনালী ব্যাংকের এমডির দায়িত্বহীনতায় এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সাধারণ নোটিশটি পাঠানো হয়েছে।
১৬ মার্চের মধ্যে প্রদীপ কুমার দত্তকে এর জবাব দিতে বলা হয়েছে।
যোগাযোগ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান প্রশ্নের জবাবে বলেন, কিশোরগঞ্জের ঘটনার পর প্রজ্ঞাপন দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল ভল্টের নিরাপত্তার জন্য। ভল্টের নিরাপত্তায় কাঠামোগত বিষয়টি বহু বছর ধরে রয়েছে। তিনি বলেন, ‘এমডি হিসাবে তাঁর (প্রদীপ কুমার) দায়িত্ব পালনে যেহেতু ঘাটতি হয়েছে, সে জন্যই তাঁকে গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
জানা গেছে, ব্যাংকের ভল্টের নিরাপত্তায় কেন্দ্রীয় ব্যাংক ভবনের দেয়াল ও মেঝেতে আরসিসি ঢালাই থাকার কথা বলেছিল। কিন্তু দেখা যাচ্ছে, সোনালী ব্যাংকের তরফ থেকে সেদিকে খুব মনোযোগ দেওয়া হয়নি।
গত রাতে একাধিকবার ফোনে প্রদীপ কুমার দত্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।