সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ পাঁচজনের নামে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মহিলা শাখার (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ শাখা) সাবেক ব্যবস্থাপকসহ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ৬২ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৬১৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা করেছে। জেলার সদর মডেল থানায় গতকাল বুধবার সন্ধ্যায় দুদক ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সিরাজউদ্দিন ওই মামলা করেন। মামলায় দুই ব্যাংক কর্মকর্তা ও তিন পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ আনা হয়।তিনটি মামলাতেই ব্যাংকের ওই শাখার সাবেক ব্যবস্থাপক আবদুস সামাদ ও জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল হককে আসামি করা হয়েছে। মামলায় অভিযুক্ত কারখানা মালিকেরা হলেন: শহরের সিরাজদৌল্লাহ রোড এলাকার এএস নিটওয়্যারের সৈয়দ মহসিনউদ্দিন, কিল্লারপুল এলাকার এসএস নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক দুলাল সাহা ও স্কয়ার অ্যাটায়ার্সের পরিচালক রঞ্জন কুমার ধর।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, সৈয়দ মহসিনউদ্দিন ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর ওই শাখা থেকে ১৫ কোটি ছয় লাখ ৫৫ হাজার ৩৬৯ টাকা ঋণ নেন, যা সুদে-আসলে দাঁড়ায় ২২ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা। একই শাখা থেকে দুলাল সাহা ২০০৪ সালের ২১ অক্টোবর ১৫ কোটি ৫২ লাখ সাত হাজার ৯৯৭ টাকা ঋণ নেন, যা সুদে-আসলে হয় ২৩ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৭৪৫ টাকা। একই বছরের ১৫ জুন রঞ্জন কুমার ধর ঋণ নেন ১০ কোটি ৩০ লাখ ৩৯ হাজার ৯০৯ টাকা, যা সুদে-আসলে হয় ১৭ কোটি দুই লাখ ২৩ হাজার ৮৭২ টাকা। এই তিনজনের কেউই ঋণ পরিশোধ করেননি।মামলায় আরও অভিযোগ করা হয়, ব্যাংকের ওই দুই কর্মকর্তার যোগসাজশে ব্যাংকের আন্তর্জাতিক ঋণ মঞ্জুরি সংশ্লিষ্ট নিয়মনীতি লঙ্ঘন করে ও ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে ঋণ নিয়ে তা পরিশোধ না করে ওই ব্যক্তিরা অর্থ আত্মসাৎ করেছেন। এটি দণ্ডবিধির ৪০৯/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ২ নম্বর আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।