সোনালী ব্যাংকের চার কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে সাত হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের অভিযোগ অনুসন্ধানে সাক্ষী হিসেবে ব্যাংকটির চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এই চারজন হলেন ব্যাংকটির পরিদর্শন ও মনিটরিং সেলের কর্মকর্তা মো. আনিসুজ্জামান, বিপ্লব ভূষণ বক্সি, মো. মুনজুর রহমান ও মো. আজাদুল হক।
দুদক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের শাখাগুলোতে নিরীক্ষা চলাকালে এসব কর্মকর্তা দুর্নীতি ও জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনেন।
সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান করছে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। এই অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল পরিদর্শন ও মনিটরিং সেলের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে গত মাসের ২৮ ও ২৯ তারিখে ব্যাংকটির স্থানীয় শাখার ১১ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ব্যাংকটির যে নয়টি শাখায় জালিয়াতির অভিযোগ রয়েছে, সেগুলো হলো মতিঝিলে অবস্থিত বৈদেশিক বাণিজ্য শাখা, লোকাল অফিস, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, হোটেল শেরাটন করপোরেট শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।