হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে সোনালী ব্যাংকের সাবেক চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। কর্মকর্তারা হলেন ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন আহমেদ এবং রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন) শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁদের জিজ্ঞাসাবাদ করে ব্যাংকের বিশেষ কিছু জালিয়াতি ও অন্যান্য কর্মকর্তার সংশ্লিষ্টতা আগেই জানা গিয়েছিল। আরও তথ্য বের করতে আদালতের অনুমতি নিয়ে গতকাল ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে গত রোববার জেলগেটে হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম ও মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই তিনজন ও শাখা ব্যবস্থাপক আজিজুর রহমান ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে ব্যাংক থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখাসহ একাধিক শাখা থেকে ২০১০ থেকে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত সাড়ে তিন হাজার কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার দায়ে ব্যাংকের জড়িত কর্মকর্তাসহ হল-মার্ক গ্রুপ ও তাদের বেনামি প্রতিষ্ঠান নকশি নিট কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার্স এবং ডিএন স্পোর্টসসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত শুরু করে দুদক।
সাড়ে তিন হাজার কোটি টাকা অর্থের মধ্যে হল-মার্ক একাই দুই হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ করে।