সোনালী ব্যাংকের জিএম মিজানুরকে দুদকে তলব
ভুয়া কাগজপত্রে জামানতবিহীন প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণ দেওয়া এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক এ টি এম মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে নোটিশ পাঠিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মাসুদুর রহমান।
আজ রোববার তাঁকে নোটিশ পাঠানো হয় বলে দুদক সূত্র জানিয়েছে। নোটিশে ১৮ জানুয়ারি তাঁকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সূত্রটি জানায়, মিজানুর রহমানের বিরুদ্ধে ঋণের নামে ব্যাংকের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ আসে দুদকে। অভিযোগে বলা হয়, মিজানুর রহমান স্থানীয় শাখায় যোগ দেওয়ার পর থেকে কোনো রকম জামানত ছাড়া ভুয়া কাগজপত্রে ঋণ দিয়েছেন। ওই সময়ে ব্যাংকটির স্থানীয় শাখায় ঋণ দেওয়ার হারও অস্বাভাবিক হারে বেড়েছে।
অভিযোগে বলা হয়, রাজধানীর বনানীতে মিজানুর রহমানের নামে একটি বাড়ি রয়েছে। উত্তরায় রয়েছে ৫ কোটি টাকা দামের জমি। ব্যক্তিগত দুটি গাড়ি রয়েছে, যার দাম প্রায় ১০ কোটি টাকা।
পরে কমিশন অভিযোগটি খতিয়ে দেখে এবং অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে মাসুদুর রহমানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব পালনের সময় আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। ওই সময় ভুয়া কাগজপত্রে জামানতবিহীন কোনো ঋণ দেওয়া হয়নি।’
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আমার সম্পদের পরিমাণ আমার আয়কর নথিতে উল্লেখ রয়েছে। এর বাইরে অতিরিক্ত কোনো সম্পদ নেই এবং অবৈধ কোনো সম্পদ আমি অর্জন করিনি।’
অনুসন্ধান সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ওই শাখায় উপমহাব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালীন দেওয়া ঋণের নথিপত্র চেয়ে শিগগিরই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি দেওয়া হবে। ওই সময় কোন কোন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে, ঋণ আদায়ের হার, ঋণগ্রহীতা ব্যক্তি-প্রতিষ্ঠানের অস্তিত্বসহ সব তথ্য খতিয়ে দেখা হবে। পরে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও ঋণগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, এ টি এম মিজানুর রহমান ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত স্থানীয় শাখায় উপমহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত কার্যক্রমের দায়িত্বে¼ ছিলেন। এরই মধ্যে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেলে তাঁকে প্রধান কার্যালয়ে বৈদেশিক বাণিজ্য-সম্পর্কিত কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়।