সোনালী ব্যাংকের জিএমের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) ননীগোপাল নাথের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে। শিগিগরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের সাময়িক বরখাস্ত হওয়া জিএম ননীগোপাল হল-মার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনায় করা মামলারও আসামি।
দুদকের সূত্র বলেছে, ২০১২ সালে ননীগোপাল নাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানের পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁর নিজের, স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় সম্পদের হিসাব চেয়ে তাঁকে সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে সম্পদের হিসাব দেননি তিনি। এরপর তাঁর বিরুদ্ধে চলতি বছরের ৩১ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুদক।