হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে পল্টন থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হল-মার্ক মামলায় মোট আটজন আসামি গ্রেপ্তার হলেন। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী দুদক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ মামলার আসামিদের গ্রেপ্তারের অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে পল্টন থানার পুলিশ আতিকুর রহমানকে গ্রেপ্তার করে দুদকে হস্তান্তর করে। হল-মার্কসংশ্লিষ্ট তদন্ত দল তাঁকে জিজ্ঞাসাবাদ করে। আজ বুধবার তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করে আদালতে হাজির করা হবে।গত বছর চার অক্টোবর হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ২৭ জনকে আসামি করে মোট ১১টি মামলা করে দুদক। ‘নন ফান্ডেড’ এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাগুলো করা হয়।এর আগে মামলার প্রধান আসামি ও হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক তুষার আহমেদ, সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখার ব্যবস্থাপক (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের প্রধান শাখার জিএম মীর জাহিদুর রহমান ও দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও শফিজ উদ্দিন আহমেদ গ্রেপ্তার করা হয়। তবে মামলার ১৯ আসামি এখনো গ্রেপ্তার হয়নি।