সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা ১২ দিনের করে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় দুই মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তার প্রত্যেকের ছয় দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন।সোনালী ব্যাংকের সাময়িক বরখাস্ত হওয়া এই তিন কর্মকর্তা হলেন: মহাব্যবস্থাপক (জিএম) মীর মহিদুর রহমান, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন আহমেদ। তাঁদের গত রোববার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে গতকাল আদালতে হাজির করে দুটি মামলায় (মামলা নম্বর ১০ ও ১৩) প্রত্যেকের সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদকের তদন্ত দল। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের ছয় দিন করে দুটি মামলায় মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।হল-মার্কের বিষয়ে তদন্ত দলের প্রধান ও দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন গতকাল প্রথম আলোকে জানান, রিমান্ডের আবেদনের সময় গ্রেপ্তার হওয়া এই তিনজনকে ১১টি মামলায়ই গ্রেপ্তার দেখানো হয়েছে। রিমান্ডের আবেদন মঞ্জুর হওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দুদকে আনা হয়েছে।সোনালী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তাদের যোগসাজশে হল-মার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে হল-মার্ক একাই নিয়েছে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা। গত ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, জিএম তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানসহ মোট ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া তানভীর মাহমুদ, জেসমিন ইসলাম, তুষার ও আজিজুর রহমান দুদকের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। তাঁদের মধ্যে তানভীর, তুষার ও আজিজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।