সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংকটির দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন সোনালী ব্যাংকের স্থানীয় শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর হেলাল ও কর্মকর্তা (আমদানি শাখা) মো. মোশাররফ হোসেন।
দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার তাঁদের জিজ্ঞাসাবাদ করে। ১৪ ডিসেম্বর তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেওয়া হয়েছিল।
ব্যাংকটির যে নয়টি শাখা থেকে জালিয়াতির অভিযোগ উঠেছে, সেগুলো হলো মতিঝিলের বৈদেশিক বাণিজ্য শাখা, স্থানীয় শাখা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ করপোরেট শাখা, তৎকালীন হোটেল শেরাটন করপোরেট শাখা, আগারগাঁও শাখা, গুলশান শাখা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা, আগ্রাবাদ করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা।
বিএনএস গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনএস গ্রুপের চেয়ারম্যান এন এস এইচ বুলুকে গতকাল জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ। দুদক সূত্র জানায়, বুলুর বিরুদ্ধে আয়কর ফাঁকি, অনুমতি ছাড়া ভবন নির্মাণ, ভবনের পজেশন বিক্রি করে প্রায় ২২ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।