সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের মতিঝিল স্থানীয় শাখার সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী রাজধানীর মতিঝিল থানায় এ মামলা করেন।

যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন, সোনালী ব্যাংক মতিঝিলের স্থানীয় শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা, বর্তমানে সোনালী ব্যাংক কুমিল্লার দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসেন, স্থানীয় শাখার সাবেক নির্বাহী কর্মকর্তা, বর্তমানে সোনালী ব্যাংক এনসিটিবি শাখার নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন এবং অলি নিটিং ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আফরোজ।

মামলার এজাহারে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সোনালী ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৭৯০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যা দণ্ডবিধির ৪০৯ / ১০৯ ও ১৯৪৭ সনের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদক সূত্র জানায়, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে জালিয়াতি করে অলি নিটিং ফেব্রিকস ওই টাকা আত্মসাৎ করেছে। রপ্তানি আয়ের শতভাগ দেশে আসার পর প্রণোদনা পাওয়ার নিয়ম থাকলেও অলি নিটিং পুরো টাকা ফেরত না এনেই প্রণোদনার টাকা তুলে নিয়েছে। এ ক্ষেত্রে দুই ব্যাংক কর্মকর্তা পুরো টাকা দেশে এসেছে বলে সনদ দিয়েছেন।